আগামী ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিকে কেন্দ্র করে বড় ২ রাজনৈতিক দল একই স্থানে সমাবেশের কথা জানানোর পর ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেন, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে কাউকেই অনুমতি দেয়া হবে না।
রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
কমিশনার বলেন, গোয়েন্দা প্রতিবেদনের পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরো বলেন, যেকোনো শন্তিপূর্ণ সমাবেশে পুলিশ অনুমতি দেবে— অশান্তির আশঙ্কা থাকলে অনুমতি নয়।
গতকাল ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি।
আগামী ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দুই বছরপূর্তিকে কেন্দ্র করে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে সরকারিদল আওয়ামী লীগ ও বিএনপি।
দিনটিকে 'গণতন্ত্র হত্যা' দিবস হিসেবে পালন করতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ সারাদেশের জেলা সদরে সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। আর, 'গণতন্ত্র বিজয় দিবস' হিসেবে পালন করতে একই দিন সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীর ১৮টি পয়েন্টে পাল্টা সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়ে ছে আওয়ামী লীগ।