বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি বিমান চলাচলের জন্য চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে বাংলাদেশ থেকে যে কোনো সংখ্যক ফ্লাইট যুক্তরাষ্ট্রে চলাচল করতে পারবে।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
এছাড়া, মন্ত্রিসভা ১৯৬২ সালে অধ্যাদেশকে বাংলায় রূপান্তর করে পাট আইন-২০১৬ এর খসড়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এতে আইন অমান্য করলে সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড অথবা ১ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিতের বিধান রাখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ থেকে সরাসরি কোনও এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রে যেতে পারেনা। এমনকি সরকার মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে পারেনা। নিয়ম অনুযায়ী উভয় দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট পরিচালনার প্রাথমিক শর্ত দ্বিপক্ষীয় চুক্তি। ওয়াশিংটনে বিমান চলাচলের জন্য ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে সরকার। এর ওপর ভিত্তি করেই তৈরি করা বিমান চলাচলের চুক্তির খসড়ায় অনুমোদন দিল মন্ত্রিসভা।
যুক্তরাষ্ট্রের ওপেন স্কাই পলিসির আলোকে করা চুক্তিতে বাংলাদেশের পক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন উভয় দেশের কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে। উভয় দেশ যেকোনো সংখ্যক বিমান সংস্থাকে তাদের মনোনীত সংস্থা হিসেবে ফ্লাইট পরিচালনার জন্য মনোনয়ন করতে পারবে।