আলবদর প্রধান-জামাত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় আপিল বিভাগ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। এ রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে তারা।
নিজামীর ফাঁসির দণ্ড বহাল রাখার দাবিতে বুধবার সকাল থেকেই শাহবাগে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
এ রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে রায়ের পর প্রতিক্রিয়ায় জানিয়েছে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারে সোচ্চার এ সংগঠনটি।
রায় ঘোষণার পর দ্রুত দণ্ড কার্যকরের দাবিতে স্লোগান দেন তারা। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, যেসব রাজনৈতিক দল ও ব্যক্তি যুদ্ধাপরাধী ও পাকিস্তানের পক্ষ নিয়েছিলো এ রায় তাদের প্রতি সমুচিত জবাব।
এদিকে, নিজামীর ফাঁসির দণ্ড আপিল বিভাগ বহাল রাখায় তার নিজ এলাকা পাবনার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। সকালে রায় ঘোষণার পরই উল্লাস করেন পাবনাবাসী। এ সময় একে অন্যকে মিষ্টি খাওয়ান।
এর রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে— উল্লেখ করে এলাকাবাসীরা বলেন, এ রায়ে শুধু সাঁথিয়া নয়, পুরো পাবনা কলঙ্কমুক্ত হয়েছে।