বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখ বললেও এখন ‘পাকিস্তানিদের সঙ্গে গলা মেলাতে স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন –এ মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী থাকাবস্থায় খালেদা জিয়ার স্বাধীনতা ও বিজয় দিবসের বাণীতে ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা’ কথাটি কমপক্ষে ২০ বার এসেছে। ওইসময় এ কথা বললেও এখন পাকিস্তানের সঙ্গে কণ্ঠ মেলানোর জন্য মুক্তিযুদ্ধে এতো লোক শহীদ হয় নাই। কেন এই স্ববিরোধিতা? বলেন মন্ত্রী।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতির কাছে ক্ষমা না চাইলে তার সঙ্গে আলোচনা হতে পারে না এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়া তার বক্তব্য প্রত্যাহার না করলে বাংলাদেশের মুক্তিকামী জনগণ এর জবাব দেবে।
মন্ত্রী বলেন, গতকাল খালেদা জিয়া আলোচনার কথা বলেছেন কীসের আলোচনা। কার সঙ্গে আলোচনা, যে আমাদের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তার সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। আলোচনা বসতে হলে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
জামাতকে নিষিদ্ধের দাবি জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরো বলেন, ‘এই বাংলার মাটিতে যুদ্ধাপরাধী দল জামাতের রাজনীতি করার কোনো অধিকার নাই।
গত ২১ ডিসেম্বর রাজধানীতে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি প্রধান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন।
তিনি বলেন, আজকে বলা হয়, এতো লাখ লোক শহীদ হয়েছেন— এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লা লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।
পাকিস্তানের সংসদে আলোচনার তিন দিনের মাথায় একই রকম বক্তব্য দেয়ায় খালেদাকে ‘পাকিস্তানের সহযোগী’ হিসেবেও অভিহিত করেন মন্ত্রী মোজাম্মেল হক।
বক্তব্যে সর্বোচ্চ আদালতে নিজামীর ফাঁসির দণ্ডাদেশ বহাল থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন একাত্তরের ১৯ মার্চ গাজীপুরে প্রথম প্রতিরোধ যুদ্ধের এ সংগঠক।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, নিজামীর ফাঁসির রায় বহাল থাকার খবর পেয়েছি—আজকের এই রায়ে এখানকার জনতা সন্তুষ্টি প্রকাশ করছেন।
পাকিস্তান ‘চিহ্নিত ১৯৫ জন যুদ্ধাপরাধী’র বিচার না করে ‘চুক্তি ভঙ্গ করেছে’ বলেও মন্তব্য করেন তিনি।
একাত্তরের বদরবাহিনী প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রাখার দাবিতে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’ ওই অবস্থান কর্মসূচির আয়োজন করে।