পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে প্রত্যাহার করতে বলেছে, তা দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়— কেন তাকে প্রত্যাহার করতে হবে এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি পাকিস্তান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বুধবার বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহারের জের ধরে এবার ইসলামাবাদ থেকে বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ফিরিয়ে নিতে বলেছে পাকিস্তান। আগামীকাল (বৃহস্পতিবার) বিকেলের মধ্যে তাকে পাকিস্তান থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মৌসুমী রহমানকে সরকার ঢাকায় ফিরিয়ে আনছে না। তাকে পর্তুগালে বদলির সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তান থেকে সরাসরি লিসবনে বাংলাদেশ দূতাবাসে যোগ দিতে পারেন তিনি।