বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে শনিবার বাদ আসর যৌতুকবিহীন বিয়ে হবে— মঞ্চের পাশেই বসবে এ আসর। ইতিমধ্যে শতাধিক দম্পতি নাম তালিকাভুক্ত করেছেন। আজকেও দলে দলে মুসল্লিরা গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে ইজতেমা ময়দানে আসছেন।
বিশ্ব ইজতেমার প্রথমপর্বের দ্বিতীয় দিন শনিবার ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন মুসল্লিরা। মুরুব্বীদের বয়ানে ঈমান আমল ও আখলাকের কথা শুনছেন সমবেত দেশি-বিদেশি লাখ লাখ মুসল্লি।
সকাল থেকেই টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে মুসল্লিদের ভিড় রয়েছে।
টঙ্গীর রেলওয়ে সূত্রে জানা গেছে, আখেরি মোনাজাত উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রেলপথে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আখেরি মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে।
গাজীপুরের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, শনিবার রাত থেকে রোববার আখেরি মোনাজাতের সময় পর্যন্ত ভোগড়া বাইপাস মোড় থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল থেকে আবদুল্লাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে।
টঙ্গীর তুরাগপাড়ে রাতভর জিকির-আসগারের পর ভোরে থেকে আমবয়ান মধ্যদিয়ে চলছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা।
পর্যবেক্ষণ টাওয়ার ও ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে র্যা ব-পুলিশ সদস্যরা। মুসল্লিদের আনা নেয়ার জন্য চালু রয়েছে বিশেষ বাস সার্ভিস।
কাল-রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।
এবছর দেশের ৬৪টি জেলার মধ্যে ঢাকাসহ ৩২টি জেলার মুসল্লিরা এবার দুই পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন।
এরমধ্যে প্রথম পর্বে ১৬ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। আর দ্বিতীয় পর্বে অংশ নেবেন বাকি ১৬ জেলার মুসল্লিরা। গাজীপুরসহ বাকি ৩২ জেলার মুসল্লিরা বিশ্ব ইজতেমায় যোগ দেবেন আগামী বছর।