বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আর এ গনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে দলটি। গতরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
বাদ জু'মা রাজধানীর ধানমণ্ডি ঈদগাহ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হয় দ্বিতীয় নামাজে জানাজা।
বিকেল সাড়ে ৩টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আরেকবার জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় আর এ গণিকে।
পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক সেখানে উপস্থিত ছিলেন।
কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ৭ জানুয়ারি তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
জিয়াউর রহমান সরকারে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।