টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে।
শনিবার ফজরের নামাজের পর আমবয়ানের দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন ময়দানে উপস্থিত মুসল্লিরা। মুরুব্বীদের আমবয়ানে ঈমান, আমল ও আখলাকের কথা শুনছেন দেশ-বিদেশ থেকে সমবেত লাখ লাখ মুসল্লি।
গতকাল ঢাকা জেলার একাংশসহ ১৬ জেলার মুসল্লিরা এ পর্বে অংশ নিচ্ছেন। আগামীকাল-রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের ইজতেমা শেষ হবে।
গতকাল বাদ ফজর ভারতের মাওলানা আবদুর রহমানের আমবয়ান দিয়ে ইজতেমা শুরু হয়। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ থেকে শুরু হয়ে চলে ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে প্রথম পর্ব শেষ হয়। দ্বিতীয় পর্বেও রয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। দেশের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
গাজীপুর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আবদুল মোমিন বলেন, ইজতেমার দ্বিতীয় পর্বে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, তুরস্ক, লেবানন, ফিলিস্তিন, আফগানিস্তান, যুক্তরাজ্যসহ বিশ্বের ৯৬টি দেশের সাত হাজারের বেশি মুসল্লি অংশ নিচ্ছেন।
মুসল্লিদের যাতায়াতের জন্য রয়েছে বিশেষ বাস ও ট্রেন সার্ভিস ব্যবস্থা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।