১৯৫ জন যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনা অফিসারের বিচারের দাবি জানিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন।
রোববার রাজধানীতে সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান জানান, এ ব্যাপারে পাকিস্তান সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির লক্ষে আগামী ৩১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে প্রতীকী বিচার অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জামাতকে নিষিদ্ধ করে সংগঠনের নেতাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়।
মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধী ১৯৫ জন পাকিস্তানি সেনা কর্মকর্তার বিচারের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকালে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন।
লিখিত বক্তব্যে সংগঠনটির আহ্বায়ক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, জেনেভা কনভেনশন অনুযায়ী এসব যুদ্ধাপরাধীর বিচার করেনি পাকিস্তান।
সকল যুদ্ধাপরাধীর বিচার ও জামাতকে নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এসময় বক্তারা জানান, এ বিচারের জন্য জাতীয় জাগরণ তৈরি করতে এ সংগঠন কাজ করে যাচ্ছে।
যুদ্ধাপরাধী পাকিস্তানি সৈন্যের বিচারের দাবিতে ২০ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে র্যা লি, সমাবেশ করা হবে। আর যুদ্ধাপরাধ সংগঠন হিসেবে জামাতের বিচারের দাবিতে সংসদ অধিবেশনে প্রস্তাব উত্থাপনের জন্য স্পিকার বরবার স্মারকলিপির কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।