বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কথিত অর্থদাতা হাওয়া ভবনের সাবেক কর্মচারি শামসুজ্জোহা ফরহাদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক হারুনুর রশীদ তাকে জিজ্ঞাসাবাদ করেন।
এরইমধ্যে ফরহাদ ও তার স্ত্রী রোজিনা জোহার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুদকের এক চিঠির পরিপ্রেক্ষিতে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে চিঠি পাঠিয়ে তাদের পাসপোর্ট নম্বর জানিয়ে দিয়েছে পুলিশ।
দুদক সূত্র জানায়, ফরহাদ দেশ থেকে হুন্ডির মাধ্যমে লন্ডনে তারেকের কাছে নিয়মিত টাকা পাঠাচ্ছেন। হাওয়া ভবনের সাবেক এ কর্মচারির বিপুল পরিমাণ অর্থের আসল মালিক তারেক রহমান বলে দুদকের কাছে তথ্য রয়েছে।
প্রায় শত কোটি টাকার ওই সম্পদের মধ্যে রয়েছে বাড়ি, ফ্ল্যাট, জমি, ব্যাংকে গচ্ছিত টাকা, এফডিআরসহ অন্যান্য স্থাবর-অস্থাবর সম্পত্তি।