দশম জাতীয় সংসদের নবম অধিবেশন ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বুধবার ৪টায় এ অধিবেশন শুরু হয়েছে।
এটি ২০১৬ সালের প্রথম ও শীতকালীন অধিবেশন। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ৪ জানুয়ারি নতুন বছরের প্রথম ও শীতকালীন অধিবেশন আহ্বান করেন।
নতুন বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের প্রথম কার্য-দিবসে ভাষণ দিচ্ছেন। পরে এ ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ফলে নিয়মানুযায়ী এ অধিবেশন দীর্ঘ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির সংসদের ভাষণ অনুমোদিত হয়েছে।
এদিকে, সংসদ সচিবালয়ের পক্ষ থেকে নতুন বছরের অধিবেশনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বুধবার বিকেল সাড়ে ৩টায় কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
নবম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ও ভাষণের ওপর আলোচনা ছাড়াও বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাস হবে। সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানানো হয় এ পর্যন্ত উত্থাপন ও পাসের অপেক্ষায় এ শাখায় মোট ২৭টি বিল জমা রয়েছে। এর মধ্যে পুরানো বিল হচ্ছে ১৫টি এবং নতুন বিল ১২টি।
নতুন বিলের মধ্যে রয়েছে : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প বিল -২০১৬, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন (সংশোধন) বিল-২০১৬, পায়রা বন্দর প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল- ২০১৬, বঙ্গবন্ধ‚ বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট বিল-২০১৬, দেওয়ানি কার্যবিধি (সংশোধন) বিল-২০১৬, নেভি (সংশোধন) বিল-২০১৬, প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা) বিল ২০১৬, প্রতিরক্ষা কর্মবিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল-২০১৬। এ ছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত ৫টি বিল এ অধিবেশনে পাস হতে পারে।