ঢাকা ওয়াসার দায়িত্ব দুই মেয়রকে দিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাব আয়োজিত ‘ঢাকা টুমোরো’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আগামী এপ্রিলের মধ্যেই রাজধানীর প্রধান সড়কগুলো ফুটপাত দখল ও হকার মুক্ত হবে বলেও জানান মেয়র।
এ সময় মেয়র বলেন, দখলকৃত খালগুলো উদ্ধারের এখতিয়ার ওয়াসা কর্তৃপক্ষের হাতে থাকায় এ বিষয়ে সিটি করপোরেশন কোনো পদক্ষেপ নিতে পারছে না।
তিনি বলেন, ঢাকা ওয়াসার বেশ কিছু দায়িত্ব পুরোপুরি মেয়রকে দিয়ে দেয়া উচিত, নতুবা ওয়াসার দায়িত্বই দুই মেয়রকে দিয়ে দেন তাহলে দুই বছরের মধ্যে ঢাকায় কোনো জলাবদ্ধতা থাকবে না।
ঢাকার জলজটের কারণে হিসেবে আনিসুল হক ভরাট হয়ে যাওয়া খালগুলো অনেকাংশে দায়ী বলে উল্লেখ তিনি বলেন, খাল বিষয়ে মেয়র কিছু করতে পারে না ওয়াসা ও ডিএনসিসি একে অপরকে নিজেদের দায়িত্ব নয় বলার অভ্যাস আছে।
আরবান ল্যাব পরিচালিত তিনটি গবেষণা প্রতিবেদন দেখা গেছে, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বছিলা পর্যন্ত নতুন রাস্তা হওয়ায় প্রতি বছর আর্থিক সাশ্রয় হবে প্রায় ১০০ কোটি টাকা।
যানবাহনের জ্বালানি সাশ্রয় এবং যানজটের কারণে মানুষের যে কর্মঘণ্টা নষ্ট হতো সেই হিসেবে করা হয়েছে। গবেষণায় দেখা যায়, রাজধানীর নয়টি জায়গাকে পার্কিং মুক্ত করায় বছরে আর্থিক সাশ্রয় হবে ১ হাজার কোটি টাকার ওপরে।
গবেষণা প্রতিবেদন দেখার পর মেয়র আনিসুল হক বলেন, এ গবেষণা যারা করেছেন তারা আমাদের চোখ খুলে দিয়েছেন— নয়টি জায়গা পার্কিং মুক্ত করায় ১ হাজার কোটির সাশ্রয় হবে এটা আমাদের ভাবনাতেও ছিল না।
এ সময় যানজটমুক্ত,পরিবেশবান্ধব ও দূষণমুক্ত ঢাকা গড়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ও তা উত্তরণের কথাও বলেন তিনি।