ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভেতর দিয়ে মেট্রোরেলের রুট নিয়ে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
এ প্রকল্পের পক্ষের শিক্ষার্থীদের যুক্তি, বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রোরেল হলে খুব দ্রুত রাজধানীর যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে আসা যাবে। মেট্রোরেলের কারণে ক্যাম্পাসের পরিবেশ-ঐতিহ্য আর অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছে এর বিরোধীতাকারীরা।
রাজধানীর যে কোন জায়গা থেকে অল্প সময়ে ক্যাম্পাসে আসাসহ মেট্রোরেলের পক্ষে নানান যুক্তি তুলে ধরেন শিক্ষার্থীরা।
এ রুটের বিপক্ষের শিক্ষার্থীদের ক্যাম্পাসের পরিবেশ ও অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ার পাশাপাশি পাঠদান ও গবেষণায় ব্যাঘাত হতে পারে।
এদিকে, দুই দফা পরিবর্তনের কারণে প্রকল্পের কাজ কিছুটা থমকে যাওয়ায় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে মেট্রোরেলের রুট আর পরিবর্তিত হবে না।
রাজধানীর যানজট সমস্যা সমাধানে ২২ হাজার কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল প্রকল্পের কাজ হাতে নিয়েছে সরকার। এরইমধ্যে ভূমি জরিপ কাজও শেষ হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে এর প্রথম পর্বের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।