রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার পাইকপাড়ায় বস্তি উচ্ছেদের ওপর তিনমাসের নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ নিষেধাজ্ঞা দেয় বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ।
রিট আবেদনটি করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
এদিকে ওই বস্তি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বস্তিবাসীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। দুপুর ১২টায় ওই এলাকায় গণপূর্ত মন্ত্রণালয় উচ্ছেদ অভিযান শুরু করলে এ সংঘর্ষ বাধে।
বস্তি উচ্ছেদের ব্যাপারে পূর্বঘোষণা অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের কর্তৃপক্ষ।
এ সময় তারা বস্তির বাসিন্দাদের মালপত্র সরিয়ে নিতে দুই ঘণ্টা সময় বেধে দেয়। এরমধ্যে বস্তিবাসীরা সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলেন।
তারা একত্রিত হয়ে প্রতিরোধ তৈরি করে কর্তৃপক্ষ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে। চলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া। এখনো ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে।
এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
পরে বেলা ১২টার দিকে পুলিশের সহযোগিতায় বস্তির একদিকে উচ্ছেদ অভিযান শুরু করেন গণপূর্তের ম্যাজিস্ট্রেট। ওই সময় খোলা জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বস্তিবাসীরা।
বিক্ষোভকারীদের দাবি, ওই জমির দখল নিয়ে মামলা চলছে এবং তাদের পক্ষে আদালতের স্থগিতাদেশও রয়েছে তারপরও কর্তৃপক্ষ ‘অন্যায়ভাবে’ ২০ হাজার মানুষকে উচ্ছেদ করছে।
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি ভূঁইয়া মাহাববু হোসেন বলেন, এটা গণপূর্তের জায়গা-- আগে থেকে নোটিস দিয়ে উচ্ছেদ চালানো হচ্ছে। আমারা সহযোগিতা করতে এসেছি।
আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী অবন্তী নুরুল বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জায়গায় বস্তিটি অবস্থিত। এখানে প্রায় ২০ হাজার মানুষ বাস করেন। সরকার বস্তিটি উচ্ছেদের চেষ্টা করলে রিট হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ দেয় যা এখনো বলবৎ রয়েছে।