আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০১৬ এর উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
বাংলাদেশে বিনিয়োগকারীদের সুরক্ষা ও মুনাফা সুনিশ্চিত উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান তার সরকার দেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমাগত এগিয়ে চলেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে ৭ % প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে সরকার যথেষ্ট আশাবাদী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ পাঁচ বছর আগের বাংলাদেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এক বাংলাদেশ— যে কোনো অসাধ্য সাধনে দেশের মানুষ এখন অনেক বেশি আত্মবিশ্বাসী ও সংকল্পবদ্ধ আর নিজেদের অর্থায়নে পদ্মাসেতুই তার প্রমাণ।
দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের জন্য সর্বোত্তম মুনাফা অর্জনের সুরক্ষিত ক্ষেত্র এখন বাংলাদেশ।
বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা অর্জনে দেশি-বিদেশি উদ্যোক্তাদের সহায়তা চান তিনি।
বঙ্গোপসাগরের অফুরন্ত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতের উদ্যোগ নিতেও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।