সাইবার নিরাপত্তা, নারীর প্রতি অবমাননাসহ দেশের প্রচলিত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে আঘাত করে এমন পোস্টের বিষয়ে অভিযোগ জানালে ৪৮ ঘণ্টার মধ্যেই ফেইসবুক কর্তৃপক্ষ সাড়া দেবে—উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, একইসঙ্গে ওইসব বিষয়ে গুগল, ইউটিউব এবং মাইক্রোসফট সহযোগিতা করবে।
রোববার সিঙ্গাপুর সফর শেষে সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাইবার নিরাপত্তায় ফেইসবুক, গুগল ও মাইক্রোসফট এর সঙ্গে বৈঠকের বিষয় তুলে ধরে তারানা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় এমন বিষয়ে অভিযোগ জানালে ৪৮ ঘন্টার মধ্যে ফেইসবুক কর্তৃপক্ষ বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে।
এছাড়াও ফেইসবুক, গুগল ও মাইক্রোসফট বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতের ইন্টারনেট খাতের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য কর্মশালার আয়োজন করার আশ্বাস দিয়েছে প্রতিমন্ত্রী।
তিনি আরো বলেন, সরকারি প্রতিষ্ঠান হিসেবে টেলিটককে ঢেলে সাজাতে আগামী মাসেই লোগোসহ অনেক বিষয়েই পরিবর্তন আনা হবে।
সিঙ্গাপুর মালয়েশিয়ার অভিজ্ঞতা নিয়ে ঢাকাকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নেয়া হবে বলে্ও জানান তারানা হালিম।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছেন, বাংলাদেশ যে উদ্দেশ্যে অ্যাডমিন স্থাপন করতে চেয়েছে, সেসব কাজ সম্পর্কে অভিযোগ পেলে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাডমিন স্থাপন না করেও তার চাইতে কার্যকর ও দ্রুত ব্যবস্থা নেবে বলেও জানান প্রতিমন্ত্রী।
ওই সফরে সিঙ্গাপুরের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান-আইডিএ এবং মালয়েশিয়ার মিনিস্ট্রি অব কমিউনিকেশনস্ এন্ড মাল্টিমিডিয়া মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।