স্বাধীনতাযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বির্তকিত মন্তব্যের কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়— জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার রাজধানীতে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তারের যৌথ উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এদিকে, মন্ত্রণালয়ের চিঠি থানায় পৌঁছেছে জানিয়ে নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে শাহবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আবু বকর সিদ্দিক।
ওই অনুষ্ঠান শেষে সাংবাদিকরা খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি দেয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ সংক্রান্ত একটি চিঠি আমাদের কাছে এসেছিল—আমরা একটা গাইডলাইন দিয়েছি এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, আইন অনুযায়ী খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মামলা হলে খালেদাকে গ্রেফতার করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে আবারও আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত ২১ ডিসেম্বর রাজধানীতে এক আলোচনায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে প্রশ্ন তোলেন। ওই বক্তব্যে রাষ্ট্রদ্রোহী মনোভাবের পরিচয় পাওয়া যাচ্ছে অভিযোগ করে এর দুইদিন পর তা প্রত্যাহার করতে খালেদা জিয়াকে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন মেহেদী।
নোটিশে খালেদাকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়। এর জবাব না পেয়ে গত সপ্তাহে মামলা দায়েরের অনুমোদন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন সংশ্লিষ্ট আইনজীবী। এর ধারাবাহিকতায় গত ২১ জানুয়ারি মামলার অনুমোদন মেলেছে।