রাজধানীর আশপাশের নদী তীরের শিল্প-কারখানায় বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে পরিশোধনাগার-ইটিপি স্থাপন না করা হলে সেগুলো বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
বুধবার সকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, ঢাকার আশপাশের নদীগুলো দূষণমুক্ত করার লক্ষে এসব শিল্প-কারখানায় ইটিপি স্থাপনের নির্দেশ অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এরই মধ্যে ১১৮ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আর যেসব কারখানায় বর্জ্য শোধনাগার নেই, সেগুলোকে ইপিটি স্থাপনে সময় বেধে দেয়া হবে বলে জানান নৌমন্ত্রী।
এছাড়াও রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর না করলে সংশ্লিষ্ট ট্যানারিগুলো বন্ধের জন্য শিল্প মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
রাজধানীর বর্জ্য কী করা হবে, তা নিয়ে গবেষণা চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী মার্চ-এপ্রিলের পর ঢাকা শহরে বড় ধরনের বর্জ্য থাকবে না।
যেসব শিল্প কারখানায় ইটিপি থাকা সত্বেও তা চালু রাখা হয় না সেগুলো বন্ধ করে দিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে। কারণ শিল্প কারখানার বর্জ্যে নদীর ৬০ ভাগ দূষণ হয়। সেইসঙ্গে ঢাকার জলাশয়গুলো সিটি করপোরেশনের তত্ত্বাবধানে দিয়ে দেয়ার সুপারিশ করা হয় বৈঠকে বলে জানান মন্ত্রী।
ঢাকার চারপাশের চারটি নদী (বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ) দূষণমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এজন্য একটি প্রকল্প হাতে নিচ্ছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।
৬টি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের উপস্থিতিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, ঢাকার চারপাশের চারটি নদীকে দূষণমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এজন্য একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এ প্রকল্পের জন্য আগে ফিজিবিলিটি স্ট্যাডি করা হবে। প্রকল্প বাস্তবায়নে ৩ থেকে ৪ বছর সময় লাগবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, মার্চ-এপ্রিলের পর থেকে ঢাকা শহরে বড় ধরনের বর্জ্য থাকবে না। সেজন্য ব্যবস্থা নিতে কাজ করা হচ্ছে।
নৌ-পরিবহন মন্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক।