এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তন করেছেন। পরীক্ষা শুরুর আগে তিনি সড়কেও নামছেন না। আগামীকাল- সোমবার সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা একযোগে শুরু হবে।
সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের সূচি রয়েছে—এ বৈঠক সচিবালয়ে বদলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হবে বলে তার উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন।
তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ের পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশের পর প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে বের হবেন।
নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রীর যাতায়াতের পথের সড়ক সাময়িক বন্ধ রাখতে হওয়ায় জনবহুল ঢাকায় যানজটের সৃষ্টি হয়।
পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন— জানান উপ-প্রেসসচিব খোকন।