বাংলাদেশ নাগরিকত্ব আইন ২০১৬ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, এ আইন বাস্তবায়িত হলে বাংলাদেশের সঙ্গে যেসব দেশের কূটনৈতিক সম্পর্ক আছে ওইসব দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন।
তবে সরকারি চাকরিজীবীরা অবসরে যাওয়ার আগে এ সুবিধা গ্রহণ করতে পারবেন না—মিথ্যা তথ্য দিয়ে যদি কেউ এ সুবিধা গ্রহণ করেন তাকে ১ লাখ টাকা জরিমানা ও ৫ বছরের কারাণ্ড দেয়ার বিধান রাখা হয়েছে—জানান তিনি।
তিনি বলেন, বিচারপতি, সংসদ সদস্য, সাংবিধানিক পদে থাকা ব্যক্তি, বিভিন্ন বাহিনীসহ প্রজাতন্ত্রে কর্মরত ব্যক্তিরা দ্বৈত নাগরিক হতে পারবেন না।
মন্ত্রিসভার নিয়মিত বৈঠক সচিবালয়ে অনুষ্ঠিত হলেও এসএসসি ও সমমানের পরীক্ষার কারণে সোমবারের এ বৈঠকের স্থান ও সময় পরিবর্তন করেন প্রধানমন্ত্রী।