নিরাপত্তার প্রতি হুমকি থাকলেও আইএসের অস্তিত্ব বাংলাদেশে নেই—তবে এ জঙ্গি গোষ্ঠীর ব্যাপারে তথ্য দিতে যুক্তরাষ্ট্রের আগ্রহকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাই কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনোই সন্ত্রাস ও জঙ্গিবাদ বরদাস্ত করেনি, করবেও না। দেশে জঙ্গি গোষ্ঠী আইএস এর অস্তিত্ব না থাকলেও এর হুমকি থাকায় এ বিষয়ে যুক্তরাষ্ট্রের তথ্য গ্রহণ করবে বাংলাদেশ।
শেরপুরের সীমান্তবর্তী ভুরুঙ্গা কালাপানি এলাকায় অভিযান চালায় প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, শেরপুর সীমান্তে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ ভারতের বিচ্ছিন্নতাবাদীদের। বিএনপি-জামাত জোট সরকারের সময়ে ওই সব বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বিরুদ্ধে অপতৎপরতা চালাত।
এ সব অস্ত্র বিএনপি-জামাত জোট সরকারের আমলে বাংলাদেশে অবস্থান নেয়া ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বলেও জানান তিনি।
পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নতুন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা অব্যাহত রাখাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলাপ-আলোচনা হয়।