সরকার ঘোষিত অষ্টম পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য করে সাংবাদিকদের বেতন বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবদুল হামিদ বলেন, সম্প্রতি সরকারঘোষিত অষ্টম পে-স্কেলের ফলে সাংবাদিকেরা বৈষম্যবোধ করছেন। সরকার এ ব্যাপারে যথাযথ মনোযোগ দেবে। সমস্যাটির অচিরেই সমাধান করা হবে।
এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে আশ্বস্ত করতে পারি যে আমার দুয়ার সব সময় আপনাদের জন্য উন্মুক্ত। আর আমার পক্ষে যতোটুকু সম্ভব, তা আমি অবশ্যই করব।
রাষ্ট্রপতি আরো বলেন, জাতির বিবেক হিসেবে তারা যদি জাতির আলোচ্যসূচিসমূহ যথাযথভাবে কিংবা পূর্ণাঙ্গভাবে জাতির সামনে তুলে ধরতে পারে তবেই দেশ ও জাতি উপকৃত হবে।
পত্রিকা বা চ্যানেলের প্রসারের চেয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।