সড়কের অরাজকতা ও বিশৃঙ্খলা রাতারাতি ঠিক করা যাবে না—তবে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এ মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের অভিযানে কার্যকম দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি ও ফুটপাতের অবৈধ দখলকে যানজটের ‘অন্যতম কারণ’ বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, আমরা ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ফুটপাত দখল সমাস্যার সমাধানের চেষ্টা করছি।
মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল— কিন্তু সম্প্রতি মিটারে কারসাজি, ভাড়া আদায়ে অনিয়ম ও যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে মাননীয় মন্ত্রী আজকের অভিযানে ছিলেন।
গত ১ নভেম্বর থেকে চালু হওয়া বর্ধিত ভাড়া অনুযায়ী অটোরিকশা চালকদেরকে মিটার মেনে চলার কথা থাকলেও বাস্তবে তা আর ঘটছে না বলে যাত্রীদের অভিযোগ।
অটোরিকশা ও বাসের ভাড়া আদায়ে নৈরাজ্য এবং বিভিন্ন অনিয়ম বন্ধে রাজধানীতে আবারো অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।
বিআরটিএ এর এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের ডিজি শাহনেওয়াজ তালুকদার বলেন, ঢাকার মানিক মিয়া এভিনিউ, যাত্রাবাড়ী ও শাহবাগে বেলা ২টা থেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ অভিযান পরিচালনা হচ্ছে।
এই অভিযানে গাড়ির ফিটনেস ও লাইসেন্স পরীক্ষার পাশাপাশি বাস ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ দেখা হচ্ছে বলে জানান তিনি।