শিক্ষার্থীরা জঙ্গিবাদ, সন্ত্রাসী বা বিভ্রান্তিকর পথে যেনো জড়িয়ে না পরে সেজন্য সজাগ থাকতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুশিক্ষাগ্রহণ করে আগামীতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে শিক্ষার্থীরা বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মান সম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা' এ প্রতিপাদ্য নিয়ে দেশজুড়ে শুরু হওয়া জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরমুখাপেক্ষি না হয়ে নিজ উদ্যোগে প্রতিটি স্কুলের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবানও জানান শেখ হাসিনা।
সরকারের নেয়া নানা পদক্ষেপের ফলে বর্তমানে স্বাক্ষরতার হার শতকরা ৭১% উন্নিত করা সম্ভব হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিগগিরই নিরক্ষরমুক্ত হবে বাংলাদেশ। প্রতিটি শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করতে সকলের সহযোগিতাও কামনা করছি।
শিক্ষা ব্যবস্থাকে সামনে এগিয়ে নিতে বিদেশি সহায়তার উপর নির্ভর না করে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীরা বিভ্রান্তিকর কাজে যেনো জড়িয়ে না পরে সেজন্য শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন শেখ হাসিনা।
শিক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য দেশের ১৯ শিক্ষককে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন তিনি। এছাড়া আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৮৭ শিক্ষার্থীকেও পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী।