ধর্মনিরপেক্ষতার দিক দিয়ে এশিয়ার অন্যান্য দেশগুলোর কাছে বাংলাদেশ অনুসরণীয় দৃষ্টান্ত—বলেন ভারতের প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট কুলদীপ নায়ার।
শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত দি ডেইলি স্টারের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শুধু গণতন্ত্রে নয়, সব দিক দিয়েই এগুচ্ছে দেশটি। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে ২৪ গুণীজনকে সম্মাননা জানানো হয়।
জাতির জনক বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে কুলদীপ নায়ার বলেন, আজকের বাংলাদেশ আত্মবিশ্বাসে বলীয়ান।
সম্মাননাপ্রাপ্তদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেন, এদেশে সাংবাদিকতায় সাহসিকতার পরিচয় দিয়েছে দি ডেইলি স্টার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের সম্পাদক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা।
বিশিষ্টজনেরা বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে দেশটির অগ্রগতি চোখের পড়ার মতো বলে মনে করেন তারা।
পরে ইংরেজি দৈনিক দি ডেইলি স্টারের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ২৪ গুণীজনকে সম্মাননা জানানো হয়। প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা দেয়া হয় মুক্তিযুদ্ধ জাদুঘরকে।
ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।