রাজনীতির নামে দেশে সংঘাত নয়—শান্তির পথে চলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীতে বঙ্গবন্ধু ফেলোশিপ ও গবেষণায় বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশকে নিরক্ষরতামুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, দেশকে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলাই এ সরকারের লক্ষ্য।
এ সময় গবেষণার মাধ্যমে বিদেশে বংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গবেষকদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
শিক্ষানীতিতে বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে—উল্লেখ করে তিনি আরো বলেন, গবেষণা ছাড়া কখনো কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এ গবেষণারই ফসল।
এ সময় শিক্ষাকে বহুমুখীকরণ ও উচ্চ শিক্ষাকে যুগোপযোগী করতে সরকারের নানান পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নতুন নতুন গবেষণার মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে গবেষকদের প্রতি আহ্বান জানান।
বিশ্বব্যাংক পদ্মা সেতুতে সরকারের দুর্নীতি প্রমাণে ব্যর্থ হয়েছে দাবি করে তিনি আরো বলেন, উন্নত জাতি গড়তে এখন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
আগামী ২ বছরের মধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করা সম্ভব হবে জানিয়ে, প্রযুক্তি শিক্ষার মাধ্যমে নিজেদের মনোজগৎকে বিকশিত করতে শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেন শেখ হাসিনা।
এর আগে বিজ্ঞান মনস্ক জাতি গঠন, বিজ্ঞান সংক্রান্ত গবেষণার উদ্দেশ্যে ফেলো ও গবেষকদের মাঝে বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং গবেষণায় বিশেষ অনুদানপ্রাপ্তদের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।