কৃষকদের জন্য মাত্র ২৫ থেকে ৩০ টাকা কিস্তিতে স্মার্টফোন দিতে চান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বৃহস্পতিবার সচিবালয়ে টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ’র (টিআরএনবি) ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান এরিকসনের সঙ্গে আলোচনা হয়েছে। তারা বাংলাদেশে মোবাইল চিপ উৎপাদনের কথা জানিয়েছে। এর ফলে দেশে কর্মসংস্থান তৈরি হবে এবং হ্যান্ডসেট মূল্য কমে আসবে।
স্বল্প মূল্যে সহজ কিস্তিতে মোবাইল হ্যান্ডসেট সরবরাহে মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হচ্ছে—উল্লেখ করে তারানা হালিম বলেন, ওয়ালটনের সঙ্গে কথা হয়েছে, তারা ২৫ থেকে ৩০ টাকার কিস্তিতে স্মার্টফোন দেয়া সম্ভব বলে জানিয়েছে।
তৃণমূল পর্যায়ে সবার হাতে স্মার্টফোন দিতে উদ্যোগের কথা জানিয়ে তিনি আরো বলেন, দেড় থেকে দুই হাজার টাকার স্মার্টফোন কৃষক-মজুর থেকে শুরু করে সবার হাতে পৌঁছে দিতে চাই।