সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিয়ে সরকার আশাবাদী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউসনে আয়োজিত চাঁপাই উৎসব শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সঠিক তদন্তের মাধ্যমে খুনের আসল রহস্য বের করতে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যা ব) কাজ করছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ঘটনার ৪ বছর পরও তদন্ত সংস্থা মামলার অগ্রগতির বিষয়ে কেন কথা বলতে চাচ্ছে না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থেই র্যা ব এমনটা করছে।
এ সময় চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের ক্ষেত্রে আশাহত না হওয়ার পরামর্শ দেন আসাদুজ্জামান খান কামাল।
চার বছরেরও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকারীরা গ্রেপ্তার হয়নি এখনো। প্রতিমাসে উচ্চ আদালতে একটি নিয়মিত অগ্রগতি প্রতিবেদন জমা দিচ্ছে র্যা ব। আগামী ২৮ ফেব্রুয়ারি আবারো নতুন প্রতিবেদন জমা দেবে তারা।
আর বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হওয়ায় পরিবারের স্বজনরাও আর তদন্তের অগ্রগতি জানতে পারছেন না। এখন সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে, সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে হতাশ এ সাংবাদিক দম্পতির স্বজনরা।
প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।