আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সাড়ে ৬ হাজার সদস্য ও পর্যাপ্ত ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শুধু রাজধানী নয় সারাদেশের শহীদ মিনারেও কড়া নিরাপত্তা থাকবে। ওইদিন শহীদ মিনারে যাওয়া কূটনীতিকদের জন্যও সর্বোচ্চ নিরাপত্তা রাখা হবে।
এছাড়াও সর্বোত্র গোয়েন্দা নজরদারির ব্যবস্থা থাকবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান, পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক, বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান।