পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন ১৪ দলের নেতারা। একইসঙ্গে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় খালেদা জিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।
সম্প্রতি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিএনপি নেতাদের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে সোমবার বিকেলে রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
পাকিস্তান ও বিএনপি'র দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখতে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।
এ সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে নেতারা বলেন, মুক্তিযোদ্ধাদের অবমাননা করায় খালেদা জিয়াসহ বিএনপি নেতাদেরও বিচার করতে হবে।
পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে বিএনপিও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা আরো বলেন, ’৭১ এর শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন খালেদা জিয়া।
একই ইস্যুতে আগামী ২৪ ফেব্রুয়ারি সারাদেশে মানববন্ধনের ডাক দিয়েছেন ১৪ দলের নেতারা।