বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশ্বের বড় বড় দেশ এখন আগ্রহ দেখাচ্ছে— উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্থিতিশীল পরিবেশ ও সরকারের বিনিয়োগ বান্ধব নানা পদক্ষেপের কারণে বিদেশি বিনিয়োগ আগের চেয়ে অনেক বেড়েছে।
বুধবার বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
এ সময় দেশের পর্যটন খাতকে আরো আকর্ষণীয় করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আগের দেয়া ভর্তুকি ও ধারদেনা শোধ হলে ডিজেলের দাম কমানো হবে।
দেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিশ্বের বড় বড় দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য লাইন দিচ্ছে।
জাপান, চীন, কোরিয়াসহ সবাই এখন বাংলাদেশে বিনিয়োগ করছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
এছাড়াও এক প্রশ্নের জবাবে জ্বালানি তেলের দাম আপাতত কমছে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিপিসি'র ঋণের টাকা শোধ হলে ভবিষ্যতে দাম কমানোর বিষয় বিবেচনা করা হবে।
এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন খাতকে আরো উন্নত করার উপর গুরুত্বারোপ করেন।
এ খাতে উন্নয়নের অংশ হিসেবে মহাপরিকল্পনার সম্ভবতা যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।