অমর একুশে ফেব্রুয়ারিকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের-ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
অমর ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে পুলিশের পক্ষ থেকে নেয়া নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানাতে বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এছাড়া এ এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
এবার শহীদ মিনারের নিরাপত্তায় পুলিশের পোশাকে ৮ হাজার এবং সাদা পোশাকে আরো এক হাজার সদস্য দায়িত্ব পালন করবেন–এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর ২০ হাজার পুলিশ সদস্য রাজধানীতে মোতায়েন থাকবেন।
এসময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার থেকেই পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
আগামী ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ এলাকায় সভা-সমাবেশ ও মিছিল করতে দেয়া হবে না বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় নিরাপত্তার অনুরোধ জানালে তা বিবেচনা করা হবে।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, সংসদ সদস্যসহ বিভিন্ন দেশের কূটনিতিকরা শ্রদ্ধা জানাবেন। তাদের শ্রদ্ধা জানানো শেষে পলাশীর মোড় দিয়ে শহীদ মিনারে যাওয়ার সড়ক জনসাধারণের জন্য খুলে দেয়া হবে। একমুখী চলাচলে শহীদদের বেদিতে ফুল দিয়ে চানখারপুল বা দোয়েল চত্বর দিয়ে সবাইকে বেরিয়ে যেতে হবে বলেও জানান ডিএমপি কমিশনার।