বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সদস্যদের ‘বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ’ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, জ্যেষ্ঠ জেলা জজদের বেতন ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৮ টাকা সুপারিশ করা হয়েছে, তারা সচিবদের মতো বেতন পাবেন।
জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ ৭০ হাজার ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৭৬ হাজার ৩৫০ টাকা টাকা পর্যন্ত সুপারিশ করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার ৮৮০ টাকা সুপারিশ করা হয়। যুগ্ম ও জেলা জজদের ক্ষেত্রে ৭৫ হাজার ৪৬০ টাকা এবং সিনিয়র সহকারী জজদের সুপারিশ করা হয়েছে ৭২ হাজার ২১০ টাকা। সহকারী জজদের ২৫ হাজার থেকে ৬৪ হাজার ৪৩০ হাজার টাকা সুপারিশ করা হয়েছে।
জাতীয় বেতন স্কেলে যে হারে বেড়েছে সে অনুযায়ী সুপারিশ করা হয়েছে –এ কথা উল্লেখ করে তিনি বলেন, অন্য বেতন স্কেলের মতোই ২০১৫ সালের ১ জুলাই থেকে এই কাঠামো বাস্তবায়ন হবে। আর গত বছরের ৩০ জুন থেকে ভাতা পাবেন তারা।
এদিকে, পুরনো ঐতিহ্যবাহী গাছ সংরক্ষণ বা পরিবেশ সংরক্ষণের স্বার্থে ‘বৃক্ষ সংরক্ষণ আইন-২০১৬ এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বলেও জানান তিনি।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব বলেন, এছাড়া ‘চা আইন-২০১৬’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। একটি অধ্যাদেশের বাংলায় অনুবাদ করে আইনে চা নিলাম, বীজ রপ্তানি নিবন্ধিত কারখানা ছাড়া চা প্রস্তুতকরণ ইত্যাদি বিষয়ে কিছু দণ্ডের বিধান রাখা হয়েছে।
আইনের বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ দুই বছরের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, চা বোর্ড কীভাবে চলবে- তার গাইড করার জন্যই এ আইন।