সরকারি চাকরিতে প্রার্থীর প্রবেশের সময় তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ, নিজ এলাকায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বা তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না ভেরিফিকেশনের সময় এসব তথ্য যাচাই-বাছাইয়ে সতর্ক থাকবে পুলিশ জানিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘ট্রেনিং অন ট্রান্স-ন্যাশনাল ক্রাইম সার্ক পার্সপেক্টিভ’ প্রোগ্রামে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, কারোর রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মূখ্য নয়— তিনি অপরাধী কি না, সেটাই দেখার বিষয় আমাদের।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আইজিপি বলেন, এ নির্বাচনে যাতে কোনো সহিংসতার ঘটনা না ঘটে সে ব্যাপারে তৎপর থাকবে পুলিশ।
আইজিপি বলেন, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাস দু’টি ভিন্নমাত্রিক বিষয়—অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচারের সঙ্গে সংঘবদ্ধ অপরাধ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত তবে সন্ত্রাসবাদ বহুমাত্রিক আঞ্চলিক অপরাধ দিয়ে প্রভাবিত।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ চক্র ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রকে সুসংহত ও প্রসারিত করতে হবে— কেন না, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দক্ষিণ এশিয়ার এ অঞ্চলের সৌহার্দ, সামাজিক সম্প্রীতি ও আঞ্চলিক বন্ধু্ত্বকে প্রশ্নবিদ্ধ করেছে, তাই এক্ষেত্রে প্রয়োজন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা যা আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনে মুখ্য ভূমিকা পালন করবে।
সার্কভুক্ত দেশসমূহের আন্তর্জাতিক প্রশিক্ষণ কেন্দ্রে আমন্ত্রণ জানানোর পরও পাকিস্তান কোনো প্রতিনিধি পাঠায়নি— এ কথা উল্লেখ করে তিনি অপরাধ দমনে তাদের অসহযোগিতা আঞ্চলিক অপরাধ দমনের ক্ষেত্রকে বাধাগ্রস্ত করবে বলে জানান।
‘ট্রেনিং অন ট্রান্স-ন্যাশনাল ক্রাইম সার্ক পার্সপেক্টিভ’ প্রোগ্রামে সার্ক দেশ ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার দু’জন করে ছয়জন ও বাংলাদেশ থেকে ১১ জনসহ মোট ১৭ পুলিশ কর্মকর্তা অংশ নেন।