মাহফুজ আনামকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসামূলক নয়—এটি এক-এগারো ঘটনার বিবরণ মাত্র বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজনীতিবিদদের মতো একজন সম্পাদকেরও ন্যূনতম নৈতিক মান বজায় রাখা উচিত।
ডেইলি স্টার ও প্রথম আলোর সঙ্গে সরকারের কোনো ‘বৈরিতা’ নেই—উল্লেখ করে ইনু বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে যে কমিশনের প্রস্তাব উত্থাপিত হয়েছে, এটা সরকার শুনেছে, সরকার পরে এটা ভেবেচিন্তে দেখবেন।’
এক-এগারো পরবর্তী সময়ে মাহফুজ আনামসহ আরেকজন সম্পাদকের ভূমিকা তুলে ধরে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেও বলেন, আত্মমর্যাদা থাকলে মাহফুজ আনাম পদত্যাগ করতেন।
এ বিষয়ে তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, মাহফুজ আনামকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘শতভাগ ঠিক’। প্রতিহিংসা, রাগ-অনুরাগ বা ক্ষোভ-বিক্ষোভের বিষয় নয়— প্রধানমন্ত্রী ঘটনার বিবরণ দিয়েছেন, অক্ষরে অক্ষরে সত্য কথা বলেছেন।’
এছাড়াও অ্যামনেস্টির প্রতিবেদনের কথা তুলে ধরে তিনি বলেন, এটি এক চোখা সংস্থা। অ্যামনেস্টি অপরাধীদের উকিল হয়ে কাজ করে।
বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে ‘সঠিক নয়’—উল্লেখ করে তাদের অবস্থান বাংলাদেশের বিরুদ্ধে বলেও মন্তব্য করেন ইনু।