আর কোন দিন যাতে কেউ দেশে ১/১১ মত ঘটনা না ঘটাতে পারে সেজন্যই তদন্ত্র কমিশন গঠন করে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার উত্তরায় ৬০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের লক্ষ্যে জাপানের শিপ হেলথকেয়ার হেল্ডিংসের সঙ্গে বাংলাদেশ আইচি মেডিকেল গ্রুপের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, গণতন্ত্রের ধারা যদি অব্যহত না থাকে তাহলে দেশ এগিয়ে যায় না— দেশের কোন উন্নয়ন হয় না। রাজনীতিবিদরাই দেশ দিয়েছে, গণতন্ত্র ফিরিয়ে এনেছে। রাজনীতিবিদরা ছাড়া দেশের উন্নয়ন হয়না। এদেশে যে কয়েক বার সামরিক শাষণ জারি হয়েছে, সে সময়ে দেশ অনেক পিছিয়ে গেছে বলেও জানান তিনি।
রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে এটা গণতন্ত্রের নিয়ম—উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের পরিবর্তন হবে ভোটের মাধ্যমে। সেমিনার-সিম্পোজিয়ামে করে আর লিখে সরকারের পরিবর্তন করার চেষ্টা যেন কেউ না করে। দেশের গণতন্ত্রের ধারাকে এগিয়ে নিতে হবে— এক্ষেত্রে কোন অশুভশক্তির উপদেশ শুনতে চাইনা বলেও জানান নাসিম।
জাপানের শিপ হেলথকেয়ার হেল্ডিংসের পক্ষে চেয়ারম্যান হিরোতাকা ওগাওয়া ও বাংলাদেশ আইচি মেডিকেল গ্রুপের পক্ষে চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেন এই চুক্তি স্বাক্ষর করেন। সূত্র: বাসস