আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম নিয়ে প্রধান বিচারপতি যে মন্তব্য করেছেন পরবর্তী রায়ে তিনি এ বিষয়ে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেবেন বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার ঢাকা চেম্বার অব কমার্সে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, এ বিষয়ে দিক নির্দেশনা না পেলে প্রধান বিচারপতির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
এ সময় তিনি আশা প্রকাশ করে আরো বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম নিয়ে প্রধান বিচারপতি যে মন্তব্য করেছেন পরবর্তী রায়ে তিনি এ বিষয়ে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেবেন।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের গাফিলতির বিষয়টি প্রথম উঠে আসে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায়ে। সেখানে বলা হয়, তদন্ত সংস্থা গুরুত্বপূর্ণ সাক্ষীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অযোগ্য তদন্ত কর্মকর্তাদের এ ধরণের তদন্ত কাজে রাখা ঠিক নয়।
আরো বলা হয়, অন্য মামলায় এ ধরণের ক্ষতি এড়াতে এমন কর্মকর্তাদের বাদ দেওয়া উচিত, তা না হলে মানবতাবিরোধী অপরাধে জড়িতরা এর সুবিধা নেবে।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের গাফিলতির বিষয়টি দ্বিতীয় বারের মতো উঠে আসে আরেক মানবতাবিরোধী অপরাধী মীর কাসেমের আলীর আপিল শুনানির সময়।
ওই সময় প্রধান বিচারপতি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউসন টিমের কাজে অসন্তোস প্রকাশ করে বলেন, তাদের পেছনে যথেষ্ট অর্থ খরচ করা হলেও যথাযথভাবে মামলার তদন্ত ও পরিচালনা হয়নি।
যারা মামলা পরিচালনায় অদক্ষ তাদের সরিয়ে দেওয়া উচিত বলেও অভিমত দেন তিনি।