ভোক্তা অধিকার রক্ষা দায়িত্ব হলেও ভোক্তার কাছ থেকে কিভাবে দ্বিগুণ-তিনগুণ দামে পণ্য বিক্রি করা যায়— ব্যবসায়ীদের তা শিখিয়ে দিচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
সোমবার সকালে রাজধানীতে হোটেল-রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত গণশুনানীতে তারা ব্যবসায়ীদের এ কৌশলের কথা জানান।
তবে খাদ্যে ভেজাল দেয়ার প্রবণতা কমে আসার পাশাপাশি ফরমালিনের ব্যবহারও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে এ সময় দাবি করেন প্রতিষ্ঠানটির পরিচালক।
তবে ভোক্তা অধিকার রক্ষার বদলে তারা ব্যবসায়ীদের শিখিয়ে দেন কিভাবে কোনো পণ্যের দাম কয়েকগুণ বেশি রাখা যায়।
অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, পানির বোতলের গায়ে খুচরা মুল্য ১৫ টাকা লেখা থাকলে, আইন অনুযায়ী তা ১৫ টাকাতেই বিক্রি করতে হবে। কোন প্যাকেজের আওতায়, আলাদা করে দামের কথা ভোক্তাকে না জানিয়ে সেই একই পানির দাম ব্যবসায়ীরা ৩০ টাকাও রাখতে পারবেন।
২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কী করেছে— জানতে চাইলে তারা বলেন, খাদ্যে ভেজাল রোধ এবং ফরমালিনের ব্যবহার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তবে অবকাঠামো সংকট ও জনবলের অভাবে, সব জায়গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।