আগামী ১৫ মার্চের মধ্যে রাজধানীর বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের সকল তথ্য স্থানীয় থানায় জমা না দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে—বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে বিট পুলিশিংয়ের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার স্বার্থেই বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরো বলেন, আগামী ১৫ মার্চের মধ্যে সকলকে ফরমপূরণ করে জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এ সময় বিট পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করে আছাদুজ্জামান মিয়া বলেন, এতে পুলিশের প্রতি সাধারণ জনগণের আস্থা বাড়বে।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর সব বাসায় ফরম পাঠানো হয়েছে— যারা এখনো ফরম পাননি, তারা থানায় যোগাযোগ করে ফরম সংগ্রহ করবেন।
নগরবাসীর এসব তথ্য সুরক্ষিত থাকবে— উল্লেখ করে তিনি বলেন, এ জন্য নগরবাসীর দুর্ভোগ হবে না বলে আশ্বস্ত করেন।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশের সেবা জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য একটি গতিশীল ও কার্যকর এবং পুলিশের কার্যক্রমের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ডিএমপির বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিটি থানায় তিন থেকে সর্বোচ্চ নয়টি বিট রয়েছে। যার সর্বমোট সংখ্যা হচ্ছে ২৮৭টি। বিট পুলিশিংয়ের মাধ্যমে ডিএমপির কার্যক্রমে গতিশীলতা পাবে-- এর মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে থাকবে বলেও তিনি আশা করেন।
মো. আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীর বিভিন্ন বাসা থেকে জঙ্গি আটক, জঙ্গি আস্তানার সন্ধান ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়ায় বিট পুলিশিংয়ের মাধ্যমে বাড়ির মালিক, ভাড়াটেসহ নগরবাসীর তথ্য সংগ্রহ করা হচ্ছে। আর ফরমের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ সব তথ্য দেয়ার জন্য নগরবাসীর কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আগামী ১৫ মার্চের মধ্যে সব তথ্য সংগ্রহ করা হবে।