সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার পরিকল্পনা সরকারের নেই—বলে সংসদে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সোমবার জাতীয় সংসদের নবম অধিবেশনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগমের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, বর্তমানে দুজন সচিব, ১৭ জন অতিরিক্ত সচিব, ৭২ জন যুগ্ম সচিব, ৪৫ উপসচিব, ৩৫ জন জ্যেষ্ঠ সচিব ও ১৬ জন সহকারী সচিব ওএসডি রয়েছেন।
সরকার দলীয় সংসদ গোলাম দস্তগীর গাজীর অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডিসেম্বর ২০১৪ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর বা সংস্থায় ৩ লাখ ২ হাজার ৯০৪টি (৩,০২,৯০৪) পদ শূন্য ছিল। এর মধ্যে ৯ম তদূর্ধ্ব গ্রেড (১ম শ্রেণি) ৩৯ হাজার ৫৬৪টি, ১০-১২ গ্রেড (২য় শ্রেণি) ৩০ হাজার ৪২২টি, ১৩-১৭ গ্রেড(৩য় শ্রেণি) ১ লাখ ৬৩ হাজার ৪১৭টি এবং ১৮-২০ গ্রেড (৪র্থ শ্রেণি) ৬৯ হাজার ৫০১টি পদ খালি রয়েছে।
এদিকে, ২০১৫ সালের তথ্য হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। হালনাগাদকৃত তথ্য সংসদকে পরবর্তী সময়ে জানানো হবে। শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপগ্রহণ করা হয়েছে।