রাজধানীর বনশ্রীতে ভাই-বোনের মৃত্যুর কারণ খাদ্যে বিষক্রিয়ায় নয়, তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. প্রদীপ বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য জানান।
ডা. প্রদীপ বিশ্বাস বলেন, শিশু আলভি আমানের পায়ে ও গলায় আঘাতের চিহ্ন এবং তার বড় বোন নুসরাত জাহান অরনীর চোখে রক্ত জমাট, গলায় ও ডান হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতের কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকদের।
নিহতদের ভিসেরা সংগ্রহ করা হয়েছে— উল্লেখ করে চিকিৎসক বলেন, তা মহাখালীতে পাঠানো হবে। পুরো রিপোর্ট হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সোমবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বনশ্রীতে দুই ভাইবোনের রহস্যজনক মৃত্যু হয়। তাদের পরিবারের অভিযোগ, চায়নিজ রেস্তোরাঁ থেকে আগের দিন আনা খাবার দুপুরে গরম করে খেয়ে তারা ঘুমিয়ে পড়ার পর আর ওঠেনি। অচেতন অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই রেস্তোরাঁর মালিককে আটক করেছে।
নুসরাত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম ও আলভী হলি ক্রিসেন্ট স্কুলে নার্সারি শ্রেণির শিক্ষার্থী। তাদের বাবা মো. আমান উল্লাহ ব্যবসায়ী ও মা জেসমিন আক্তার গৃহিণী। এই দম্পতির এই দুটি সন্তান।