এক-এগারোর নেপথ্যে থাকা রাজনীতিবিদদের অনুতপ্ত হয়ে ভুল স্বীকার করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার জাতীয় জাদুঘরে আমরা সূর্যমুখী আয়োজিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন: দেশ ও গণমানুষের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ থেকে রাজনীতিকে চিরতরে বিদায় করে দেয়াই এক-এগারোর সরকারের লক্ষ্য ছিল বলেও জানান তিনি।
ভবিষ্যতে বাংলাদেশে আর এমন পরিস্থিতির সৃষ্টি হবে না— উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ওই ঘটনার নেপথ্যে থাকা রাজনৈতিক ব্যক্তিদের ক্ষমা চাওয়া উচিত।
আগামী ১৫ মার্চ জাতির জনকের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধুকে নিয়ে নানা কটুক্তিরও সমালোচনা করেন ওবায়দুল কাদের।
এদিকে, জাতীয় সংসদ, আলোচনা মঞ্চ, টেলিভিশনে টকশো থেকে শুরু করে ব্যক্তি পর্যায়েও এক-এগারোর বা সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারের রাজনৈতিক নিপীড়ন নিয়ে আলোচনার ঝড় বইছে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক-এগারোর নেপথ্যে যারা ছিলেন তাদের বিচারে কমিশন গঠনের দাবি জানিয়েছেন।
জাতীয় সংসদে স্বয়ং প্রধানমন্ত্রীও এ বিষয়ে কথা বলেছেন।