আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সকল দলের প্রার্থীদের জন্য নির্বাচন কমিশন এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি বলে অভিযোগ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সুষ্ঠু ও নিরপেক্ষ ইউনিয়ন পরিষদ নির্বাচন করার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির সম্পাদক বদিউল আলম মজুমদার এ কথা বলেন।
নির্বাচন কমিশনের উপর আস্থাহীনতার কারণে আগের তুলনায় এবারের ইউপি নির্বাচনে প্রার্থী সংখ্যা কমে গেছে বলেও দাবি করেন সংস্থাটির সম্পাদক।
সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে— জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করছে না।
অন্যায় অনিয়মের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নেয়া না হলে শিগগিরই নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে।
এ সময় সংবাদ সম্মেলনে সুজনের সভাপতি হাফিজউদ্দিন খান অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ২০১৩ সালের পরে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি। কমিশনের নেতিবাচক ভূমিকার কারনেই এবারের ইউপি নির্বাচনে প্রার্থী সংখ্যা কমে গেছে।
এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপকে সামনে রেখে মনোনয়ন বাণিজ্য, মনোনয়নপত্র দাখিলে বাধাদান, প্রার্থীতা প্রত্যাহারে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
দৃশ্যমান অনিয়মের অভিযোগ দায়েরের পরেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করা হয়।