নির্ধারিত জায়গার চেয়ে বেশি ব্যবহার না করা, ফুটপাতে দোকান না বসানো এবং যত্রতত্র বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের প্রতি নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
বৃহস্পতিবার সকালে গুলশান ক্লাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ব্যবসায়ীদের নিয়ে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আগামী এক মাসের মধ্যে নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান উত্তরের মেয়র। এ নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও তাদের হুঁশিয়ার করেন তিনি।
আনিসুর হক বলেন, সিটি করপোরেশনের নির্ধারণ করে দেয়া জায়গার বেশি কোনো ব্যবসায়ী ব্যবহার করতে পারবে না।
নিজেদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে, মেয়রের নির্দেশনা অনুযায়ীই কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা। একই সঙ্গে বেসরকারি মার্কেটগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে সিটি করপোরেশনের মার্কেটগুলো আধুনিক ও সংস্কারেরও দাবি জানিয়েছেন তারা।
পরবর্তীতে ফুটপাতে ব্যবসায়ীদের নিয়েও মত বিনিময় করার কথা জানিয়েছেন উত্তর সিটি করপোরেশন মেয়র।