বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে রচিত গবেষণামূলক ৩৫ হাজার বই নিয়ে যাত্রা শুরু হলো বঙ্গীয় গ্রন্থ জাদুঘরের। শুক্রবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসারে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন প্রতিষ্ঠিত এ জাদুঘরের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এর পাশেই সংস্কৃতি চর্চার জন্য নির্মিত আবদুল জব্বার খান মুক্ত মঞ্চ ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ও উদ্বোধন করেন মন্ত্রী।
এসব উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির বিকাশে সরকার কাজ করে যাচ্ছে।
বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বঙ্গীয় গ্রন্থ জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশিষ্টজনেরা।
অগ্রসর বিক্রপুর ফাউন্ডেশনের নানা কর্মসূচি তুলে ধরে সংগঠনের সভাপতি নূহ-উল-আলম লেনিন এই উদ্যোগকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান।
সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণামূলক গুরুত্বপূর্ণ বইয়ের সমারোহ বঙ্গীয় গ্রন্থ জাদুঘরে। এর মধ্যে কয়েকশত বছরের পুরনো গ্রন্থও রয়েছে। রয়েছে তালপাতার বই, খোদাই করা বই, মহাভারতসহ প্রায় ৩৫ হাজার বই।