একাত্তরে মুক্তিযুদ্ধ বাইরের কেউ করে দেয়নি— বাংলাদেশের মানুষই এ যুদ্ধ করেছে, লড়েছে এবং শহীদ হয়েছে বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনয়াতনে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভারতীয় বামপন্থীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিমান বসু বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ভারতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যদি আরো আগে অবস্থান নিতেন তাহলে মুক্তিযুদ্ধে ক্ষয়ক্ষতি আরো কমানো যেতো।
এ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের সম্মাননা দেয়ার ক্ষেত্রে ভারতের বামপন্থীদের মূল্যায়নের প্রয়োজন। সময় এসেছে একাত্তরে যেসব বামপন্থী মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলেন তাদের মূল্যায়নের।
ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য ত্রিপুরার গৌতম দাস বলেন, বামপন্থীরাই সর্বপ্রথম এদেশের মানুষের সহায়তায় এগিয়ে এসেছিল।
এ প্রসঙ্গে মেনন বলেন, বামপন্থিদের পাশাপাশি ভারতের জনগণের সম্মিলিত সহায়তায় মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় সূচিত হয়েছে।