তিস্তার পানি বণ্টন চুক্তি সই নিয়ে খসড়া তৈরি হয়ে গেছে—এজন্য নতুন করে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ নই আমরা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।
গওহর রিজভী বলেন, তিস্তা চুক্তি সই নিয়ে বল এখন ভারতের কোর্টে— চুক্তি নিয়ে ইতিমধ্যে একটি খসড়া তৈরি করা হয়েছে, চুক্তিটি নিয়ে নতুন করে কোনো আলোচনা হবে না ওই খসড়ার ভিত্তিতেই দ্রুত চুক্তি সই হবে।
সীমান্ত হত্যার ব্যাপারেও উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, বিএনপি আমলের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত হত্যা কমেছে তবে তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই কারণ, আমাদের কাছে একটি হত্যা মানেও অনেক কিছু।
দুদিনব্যাপী সেমিনারটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং ইন্ডিয়া ফাউন্ডেশন, দিল্লি। সেমিনার আয়োজনে সহযোগিতা করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। সেমিনারে দুই দেশের রাজনীতিবিদ, কর্মকর্তা ও গবেষকেরা অংশ নিচ্ছেন।