পুরুষতান্ত্রিক মানসিকতা এবং মূল্যবোধের অবক্ষয়ের কারণে নারীরা এসিড সন্ত্রাসের শিকার হচ্ছে—উল্লেখ করে এসিড আক্রান্তদের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
এসিড সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে শনিবার রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে এসিড সারভাইভারদের জাতীয় সম্মেলনের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, এসিড আক্রান্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের সকলকে সাহায্যের হাত বাড়াতে হবে। সরকার এসিড সন্ত্রাসের শিকারদের পাশে সব সময় রয়েছে।
এসিড সন্ত্রাসীদের বিচারের রায় দ্রুত কার্যকর করা হবে— উল্লেখ করে তিনি আরো বলেন, অপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকরে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় সম্মেলনে বক্তারা বলেন, এসিড সন্ত্রাসীদের বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমিয়ে তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে।