পাট ও পাটজাত দ্রব্যকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ পণ্যের আরো মানোন্নয়ন ও বিশ্বজনীন করাই এখন বড় কাজ।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি।
কৃষক-শ্রমিকের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করছে— উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের বেতন বাড়ানো ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে শিগগিরই মজুরি বোর্ড গঠন করা হবে।
বিএনপি সরকারের বন্ধ করে দেয়া যেসব পাটকল এখনো বন্ধ রয়েছে তা চালুর নির্দেশ দিয়ে এ সময় দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পাটজাত পণ্যকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা দেন তিনি।
স্বাধীনতার সুফল পেতে হলে দেশের সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে— এ কথা জানিয়ে শেখ হাসিনা আরো বলেন, পাটের বহুমুখী ব্যবহার বাড়াতে হবে, এ শিল্পের সঙ্গে জড়িতদের ভাগ্যোন্নয়নে সরকার কাজ করছে।
বিগত ২০১০ সালে পাস হওয়া ‘পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের সফল বাস্তবায়ন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মাননা স্মারক প্রদান ও তিন দিনব্যাপী পাটপণ্য মেলা-২০১ এর আয়োজন করেছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে সফল উদ্যোক্তাদের হাতে স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী।