ফিজিতে ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৮ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।
রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ফেইসবুক পেইজে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম এ কথা জানিয়েছেন।
তিনি লিখেছেন, ফিজিতে ভয়াবহ সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের জন্য এক মিলিয়ন ডলার (প্রায় ৮ কোটি টাকা) নগদ অর্থ সহায়তা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২০ ফেব্রুয়ারি প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজিতে শক্তিশালী ঘূর্ণিঝড় উইনস্টন আঘাত হানে। ঘণ্টায় ২৩০ থেকে সর্বোচ্চ ৩২৫ কিলোমিটার বেগের এ ঝড়ে ৩০০টি দ্বীপ নিয়ে গঠিত দেশটির প্রত্যন্ত এলাকাগুলো লণ্ডভণ্ড হয়ে যায়।
দুর্যোগ মোকাবেলায় ৩০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে ফিজি সরকার।
এর আগে গত বছর এপ্রিলে নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়েছিল।